ফাজিলপুর প্রতিনিধি:
ফেনীর ফাজিলপুরে সাউথইস্ট ব্যাংকের (এজেন্ট) শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আনসার কমান্ডার সিরাজের সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জানাজায় যাওয়ার পথে আনসার কমান্ডার সিরাজ সাউথইস্ট ব্যাংক (এজেন্ট) ফাজিলপুর শাখার ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে থাকা লোকজনকে নিয়ে দ্রুত ব্যাংকের ভেতরে প্রবেশ করেন।
ভেতরে গিয়ে তারা দেখতে পান, ব্যাংকের দরজা খোলা এবং ভেতরে আগুন দাউদাউ করে জ্বলছে। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিকে খোঁজ করে ওয়াশ রুমে পাওয়া যায়। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
পরে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার কোথায় জানতে চাইলে নিরাপত্তারক্ষী জানান, ব্যাংকের ভেতরে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই। পরিস্থিতি বুঝতে পেরে আনসার কমান্ডার সিরাজ দ্রুত এটিএম বুথ থেকে একটি ফায়ার এক্সটিংগুইশার এনে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। তার সাহসী ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, স্থানীয় মসজিদে মাইকিং করে বিষয়টি জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সার্বিক সহযোগিতা ছিল বলে জানান আনসার কমান্ডার সিরাজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ব্যাংকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টদের মাধ্যমে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।