ঢাকা, ২৪ জুলাই ২০২৬:
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) পদত্যাগ করেছেন। শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়া হয় এবং তা গ্রহণ করা হয়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।
জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, সংবিধানের বিধান অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে তার অসুস্থতার বিষয়টি উল্লেখ রয়েছে।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন।