ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৫০ জন কৃতি শিক্ষার্থীকে প্রথমবারের মতো সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. নুর ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জহিরুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক অভিভাবক সদস্য শাহ জাহান সিরাজ, বর্তমান অভিভাবক সদস্য মো. আরিফ হোসাইন, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. মুছা, মিরাজ হোসাইন, শিক্ষক হারুন অর রশিদ, বিদ্যালয়ের সাবেক ছাত্র তুষার ইব্রাহীম ও মুরাদ সিদ্দিকী।
প্রধান অতিথি মো. নুর ইসলাম বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান আরও উন্নত করতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখতে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থীসহ মোট ৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়টি পূর্বতন ফাজিলপুর-ফরহাদনগর জিন্নাহ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত ছিল।