
তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী।
ফেনী শহরের ব্যস্ততম সড়ক ট্রাংক রোড ও এসএসকে রোডে তীব্র পার্কিং সংকট দীর্ঘ দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট পার্কিং এরিয়া না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ চালক, মটর সাইকেল মালিক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় রাস্তায় গাড়ি পার্ক করায় নিয়মিত জরিমানা করায় জনমনে প্রশ্ন উঠেছে – বিকল্প ব্যবস্থা ছাড়া এমন পদক্ষেপ কতটা যৌক্তিক?
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাংক রোড, এসএসকে রোড ও মিজান রোডে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু পরিকল্পিত পার্কিং ব্যবস্থার অভাবে অনেক চালক বাধ্য হয়ে রাস্তার পাশে গাড়ি রাখেন। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে ট্রাফিক পুলিশের জরিমানার মুখেও পড়তে হচ্ছে।
একজন ভুক্তভোগী চালক জানান, শহরে কোথাও ঠিকমতো পার্কিংয়ের জায়গা নেই। কাজের প্রয়োজনে গাড়ি রাখতে হয়, আর তখনই জরিমানা করা হয়। আগে জায়গা ঠিক করে দিক, আমরা সেখানে গাড়ি রাখি। তখন আইন অমান্য করলে জরিমানা করুক।
এদিকে ব্যবসায়ীরাও একই সমস্যার কথা জানিয়েছেন। তাদের মতে, পার্কিং সুবিধা না থাকায় ক্রেতারা অনেক সময় দোকানে আসতে নিরুৎসাহিত হন, যা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সচেতন মহল মনে করছে, সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। তারা ট্রাংক রোড বা এসএসকে রোডের আশপাশে নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ, স্কুল বা খালি জায়গা ব্যবহার বা স্বল্পমূল্যের পেইড পার্কিং চালুর দাবি জানিয়েছেন।
তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
নাগরিক প্রত্যাশা: পার্কিংয়ের ব্যবস্থা ছাড়া জরিমানা নয় – বরং পরিকল্পিত পার্কিং ব্যবস্থাই হতে পারে ফেনী শহরের স্থায়ী সমাধান।