
মোটরসাইকেল চালকদের ভোগান্তি কমাতে এবং ডিজিটাল ব্যবস্থাকে আরও কার্যকর করতে হার্ড কপির পরিবর্তে মোবাইলে সংরক্ষিত বৈধ ডকুমেন্টস গ্রহণের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি উঠেছে।
বর্তমান সময়ে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও প্রদর্শন করা সম্ভব। সে ক্ষেত্রে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেনসহ প্রযোজ্য বৈধ কাগজপত্রের ডিজিটাল কপি যাচাই করে গ্রহণের ব্যবস্থা চালু করা হলে চালকদের সময়, খরচ ও অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমতে পারে।
সচেতন মহলের মতে, ডিজিটাল যুগে কাগজপত্রের পাশাপাশি অনুমোদিত ডিজিটাল কপিকে স্বীকৃতি দেওয়ার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি। এতে সড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্যও নথি যাচাইয়ের একটি আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠতে পারে।
এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্রের মোবাইল কপি গ্রহণের বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল কপির সত্যতা যাচাইয়ের জন্য কিউআর কোড, সরকারি অ্যাপ বা অনলাইন ডাটাবেজভিত্তিক যাচাইব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
দাবি একটাই—বৈধ কাগজপত্র থাকলে শুধু হার্ড কপি বহনের বাধ্যবাধকতা নয়, অনুমোদিত ডিজিটাল কপিরও থাকুক আইনি স্বীকৃতি।