
ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এই অর্জনকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্য অর্জনে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের পূর্বতন নাম ছিল ফাজিলপুর-ফরহাদ নগর জিন্নাহ উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।